খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মো. নাসিমুল করিম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়ার ফরমাইশখানা এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে দিঘলিয়া থানার ওসি সানোয়ার হোসেন জানান।
ওসি জানান, ফরমাইশখানার তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানে বসে ছিলেন নাসিমুল করিম। এ সময় মোটরসাইকেলে দুজন সেখানে আসেন। তারা নাসিমুলকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে পালিয়ে যান।
পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ নাসিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, ‘নাসিমুল করিম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।’