প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘এবার জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে। কারণ বই এরই মধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে।’
গতকাল সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পিইডিপি-৪ ও চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণে এ সেমিনার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পিইডিপি-৪) অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘শিক্ষকরাই প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য আমরা সর্বদা কাজ করছি। প্রধান শিক্ষকদের দশম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে আমরা সক্ষম হয়েছি। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা এতে সফল হব।’
আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের বিষয়ে তিনি বলেন, ‘যেসব বিদ্যালয় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হবে, সেগুলো মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে।’
সেমিনার শেষে উপদেষ্টা জেলা পরিষদ হলরুমে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।