মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে বরিশালগামী ইমরান পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় সড়কে থাকা একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার কাজ শেষে বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

আরও