ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ তীব্র যানজটে ভোগান্তি

নারায়ণগঞ্জে লারিজ ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অসুস্থ এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা।

নারায়ণগঞ্জে লারিজ ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অসুস্থ এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বন্দর উপজেলার মদনপুর এলাকায় কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ব্যস্ত মহাসড়কটিতে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, লারিজ ফ্যাশনের সুইং সেকশনের অপারেটর রিনা অসুস্থ অবস্থায় ডিউটি করছিলেন। রোববার তিনি ছুটির আবেদন করলেও কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি এবং তাকে কাজ চালিয়ে যেতে বলা হয়। পরে তিনি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকদের অভিযোগ, অসুস্থ ওই নারী কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও পাননি। বাধ্য হয়ে কাজ করতে থাকায় ওই নারীর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে ও মৃত্যু হয়।

তবে রিনার মৃত্যুর পেছনে নিজেদের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছে লারিজ ফ্যাশন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, ‘অসুস্থতার কথা জানানোর পরই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। নারী শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলে তার দাফনের দায়িত্ব নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘রিনার মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে জড়িত কর্মকর্তাদের চাকরিচ্যুতির দাবিতে সোমবার কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সকাল থেকে কারখানার সামনের মহাসড়কটি বন্ধ করে রাখেন তারা। আমরা তাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা করলে বেলা ১টার দিকে তারা সড়কটি ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। শিল্প পুলিশ সদস্যরা শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে আলোচনায় বসেছেন। এ বিষয়ে আইনগত সমাধান দেয়া হবে।’

এদিকে, গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের আন্দোলনে কারখানা ভাংচুরের ঘটনায় ওই কারখানার অজ্ঞাত পরিচয় ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কর্তৃপক্ষ।

মামলায় বলা হয়েছে, গত ২৩ অক্টোবর শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানায় বকেয়া বেতন দাবিতে শ্রমিকরা আন্দোলন করেন। তারা ধর্মঘট ও দাঙ্গা-হাঙ্গামা করে কারখানার মেশিন, মূল্যবান সামগ্রী ভাংচুর করেন ও লুটপাট চালান। এ সময় তারা কারখানার যন্ত্রপাতি নষ্ট করে নগদসহ প্রায় ৪০ লাখ টাকার মালপত্র লুটে নেন। এসব ঘটনায় শ্রমিকরা কারখানার প্রায় ৯৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছেন বলে মামলার এজাহারে লেখা হয়েছে।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আবুল কালাম আজাদ জানান, গত শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলাটি রুজু করা হলেও গতকাল তা আলোচনায় আসে। মামলায় ৫০০ জন অজ্ঞাতনামা শ্রমিককে আসামি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শ্রমিকরা কারখানায় ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করেছেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আরও