লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কৃষকদল নেতার মরদেহ উত্তোলন

লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলনের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে হত্যা অভিযোগের তদন্তে দাফনের প্রায় ১৪ মাস পর শাহাদাত হোসেন পরাশ নামে এক কৃষকদল নেতার মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে মামলার তদন্তের প্রয়োজনে আদালতের নির্দেশে মরদেহটি তোলা হয়।

লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলনের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।

নিহত শাহাদাত হোসেন পরাশ জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন বলেন, পরাশ গত বছরের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় মারা যান। সে সময় ময়নাতদন্ত ছাড়াই পরদিন তাকে দাফন করা হয়েছিল। পরবর্তী সময়ে তার স্ত্রী শেফালি বেগম হত্যার অভিযোগ এনে আদালতে মামলা করলে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

বাদী শেফালি বেগম জানান, তার স্বামী ওমান প্রবাসী ছিলেন। ঘটনার কয়েক মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। দেশে ব্যবসা করার জন্য তিনি একটি মাটি কাটার যন্ত্র কিনতে চেয়েছিলেন। ঘটনার দিন ১০ লাখ টাকা নিয়ে তিনি তার বন্ধু মোহনের সঙ্গে মোটরসাইকেলে করে চট্টগ্রামের মীরসরাইয়ের উদ্দেশ্যে রওনা হন। পরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।

শেফালি বেগম আরো অভিযোগ করেন, মরদেহের পেটে ছুরির আঘাতের চিহ্ন ছিল। তার দাবি, পরাশের কাছে থাকা ১০ লাখ টাকা আত্মসাৎ করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি মোহনকে অভিযুক্ত করে মামলা করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় দাফন করা হবে।

আরও