বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফিরে আসা গণতন্ত্রের উত্তরণকে সহজ করবে বলে আশা ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশা প্রকাশ করেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনে নির্যাতিত ছিলেন। ফ্যাসিবাদ বিদায় নিলে কারাবন্দিত্ব থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে যান।
বিএনপি চেয়ারপার্সনের দেশে ফেরা জাতির জন্য একটা আনন্দের দিন বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণের এই সময়ে তার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক। তার ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণকে সহজ করবে। দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহযোগিতা করবে।
খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেন খালেদা জিয়া।
এ সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
- বাসস