কক্সবাজারের পরিবেশ, প্রকৃতি এবং সমুদ্র সৈকতের সুরক্ষার বিষয় নিয়ে নাগরিক ফোরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৯ অক্টোবর) কক্সবাজারের অভিজাত হোটেল শৈবালের সাগরিকা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কক্সবাজারের পরিবেশ ও পর্যটন খাতের বিভিন্ন সমস্যার ওপর আলোকপাত করেন।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন এবং সভা সঞ্চালনা করেন নাগরিক ফোরাম নেতা আবদুল মতিন। এতে আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ আহমেদ, অ্যাডভোকেট আতিয়ার রহমান, অ্যাডভোকেট সরওয়ার আহমেদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, অপরিকল্পিত উন্নয়ন ও যত্রতত্র স্থাপনা নির্মাণের কারণে কক্সবাজারের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বিচারে পাহাড় কাটা এবং অবৈধ ডাম্পার ব্যবহার করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। এতে সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে।
বক্তারা আরো বলেন, কক্সবাজার শহরের অবৈধ অটোরিকশা, টমটম, সিএনজির দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে পর্যটন শিল্প স্থবির হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে সময়মত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সভায় বক্তারা কক্সবাজারের পরিবেশ সুরক্ষার জন্য পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গড়ে তোলার আহ্বান জানান। তারা মনে করেন, এ ধরনের পর্যটন শিল্প গড়ে তুললে বিদেশী পর্যটকরা আকৃষ্ট হবে এবং আন্তর্জাতিকভাবে কক্সবাজারের সুনাম আরো বৃদ্ধি পাবে।
সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ অন্যান্য রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকরা। এ সময় বক্তারা সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় এবং পর্যটক সংখ্যা সীমিত করার প্রয়োজনীয়তার ওপরও আলোকপাত করেন।