নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। নিহত সাগর হোসেন প্রাইভেট কারটির চালক। এ সময় আরো দুজন আহত হয়েছেন।
আজ সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত মনিরুজ্জামান মনির জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেট কার বনপাড়া-হাটিকুমরুল থানার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক নিহত হন। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার বোয়ালমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।