হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ নেয়া হল তারেক রহমানের বাসভবনে

ফিরোজায় খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। পরে তাকে জানাজার জন্য নেয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় আনা হয়েছে। এখানেই সপরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকেন। পাশেই খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’।

আজ বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়ি হাসপাতাল থেকে তার বাসার দিকে রওনা হয়। সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি তারেক রহমানের বাসভবনে পৌঁছায়।

খালেদা জিয়ার মরদেহের পাশে কোরআন পাঠ করছেন তারেক রহমান। ছবি- বিএনপি মিডিয়া সেল

খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেয়ার কথা ছিল। তবে খালেদা জিয়ার মরদেহ তার তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়। এখানে নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এভারকেয়ার এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।

উল্লেখ্য, খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।

আরও