গত বছর ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সহায়তাকারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।
আজ সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।
উপদেষ্টা জানান, লুট হওয়া একটি এলএমজি উদ্ধারে সহায়তার জন্য ৫ লাখ, একটি এসএমজি উদ্ধারের জন্য দেড় লাখ, একটি পিস্তল বা একটি শটগানের জন্য ৫০ হাজার এবং একটি বুলেট উদ্ধারে সহায়তার জন্য ৫০০ টাকা পুরস্কার দেবে সরকার।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি এবং অন্যান্য স্থাপনা থেকে মোট ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছে।
লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে রয়েছে— রাইফেল, সাবমেশিন গান (এসএমজি), লাইট মেশিন গান (এলএমজি), পিস্তল, শটগান, গ্যাস গান, টিয়ার গ্যাস লঞ্চার, টিয়ার গ্যাস শেল, টিয়ার গ্যাস স্প্রে এবং সাউন্ড গ্রেনেড।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য দেশব্যাপী যৌথ অভিযান শুরু হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে জানিয়েছিলেন যে, এখনো প্রায় ৭০০টি আগ্নেয়াস্ত্রের খোঁজ পাওয়া যায়নি।