ফেনীতে পাঁচ দিন ধরে তীব্র গ্যাস সংকট, বিপাকে সিএনজিচালকরা

গ্যাস বিতরণকারী সংস্থা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এটি একটি জাতীয় পর্যায়ের সংকট। তবে দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ফেনীতে টানা পাঁচ দিন ধরে তীব্র সিএনজি গ্যাস সংকট দেখা দেয়ায় পাম্পগুলোতে গ্যাস মিলছে না। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সিএনজি চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পাওয়ায় দৈনিক আয় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে জানান অনেকে।

জেলার ১০টি সিএনজি ফিলিং স্টেশনের কোনোটিতেই স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ হচ্ছে না। বিভিন্ন পাম্পে সহস্রাধিক অটোরিকশা গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। অনেক পাম্প রাত থেকে টানা ২৪ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকছে বলে অভিযোগ করেছেন চালকরা।

রসূল আহাম্মদ নামের এক সিএনজি অটোরিকশা চালক জানান, সারারাত পাম্পে অপেক্ষা করার পর সকালে সামান্য সময় গ্যাস দেয়া হয়। কিন্তু পর্যাপ্ত প্রেশার না থাকায় দ্রুত পাম্প বন্ধ করে দেয়া হয়। এতে আয়ের পথ বন্ধ হওয়ার পাশাপাশি গাড়ির কিস্তির টাকা ও সংসারের খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানান, কম্প্রেশন মেশিনে গ্যাসের প্রেশার একেবারেই কম থাকায় তারা রিফুয়েলিং বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

গ্যাস বিতরণকারী সংস্থা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এটি একটি জাতীয় পর্যায়ের সংকট। তবে দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বিজিডিসিএল ফেনীর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী আখতারুজ্জামান জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। দ্রুত এ সংকটের সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও