এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম একটি জাতীয় সমস্যা। কাজেই সব রাজনৈতিক দলকে আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে গুরুত্বসহকারে তাদের নির্বাচনের ইশতাহারে স্থান দিয়ে পথরেখায় উপস্থাপন করতে হবে। যদি এটার সমাধান না হয় তাহলে জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা দুর্বল হয়ে যাব।’
গতকাল দুপুরে রাঙ্গামাটির বার্গী লেকভ্যালি রিসোর্টে নাগরিক প্লাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগ ‘আঞ্চলিক পরামর্শ সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ড. দেবপ্রিয় বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, জাতীয়ভাবে যার সমাধান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে সবার অধিকার স্বীকৃতি দিয়ে ইতিহাসের প্রতি সম্মান দিয়ে একটি সমাধানের পথরেখা বের করতে হবে।’
আসন্ন নির্বাচন নিয়ে বিশিষ্ট এ অর্থনীতিদি বলেন, ‘বাংলাদেশ একটি দোলাচলের মধ্যে আছে। ভীতিমুক্ত ভোটার ও প্রভাবমুক্ত প্রশাসন এবং সক্ষম আইন প্রয়োগকারী সংস্থা—এগুলো দৃশ্যমান চিত্র এখনো আমরা দেখতে পাচ্ছি না। কাজেই এই দৃশ্যমান চিত্র আনার জন্য আগামী যে সময়গুলো রয়েছে তার জন্য সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনী তারা তাদের ভূমিকা পালন করবে বলে আমরা এমনটা প্রত্যাশা করি।’
আঞ্চলিক পরামর্শ সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সমাপনী বক্তব্য রাখেন সিপিডির সম্মানীয় ফেলো ও নাগরিক প্লাটফর্মের কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
সভায় চাকমা রাজ কার্যালয়ের উপদেষ্টা রানী ইয়েন ইয়েন, সমাজকর্মী লেলুং খুমী, জুমলিয়ান আমলাই, শিক্ষাবিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, হেডম্যান (মৌজাপ্রধান) থোয়াই অং মারমা ও শান্তিবিজয় চাকমা, আইনজীবী রফিকুল ইসলাম, সুস্মিতা চাকমা ও রাজীব চাকমা, কারবারি (গ্রামপ্রধান) শান্তনা খীসা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নাই উ প্রু মারমা মেরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরাসহ তিন পার্বত্য জেলা থেকে শিক্ষক, আইনজীবী, হেডম্যান-কারবারি, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী, সমাজকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এ সময় সুষ্ঠু নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতি দমন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, জনপ্রতিনিধিদের জবাবদিহিসহ নানা প্রসঙ্গে বক্তব্য দেন অংশগ্রহণকারীরা।