সিলেটের ভোলাগঞ্জে বর্ডার হাটের কার্যক্রম শুরু আজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত বাংলাদেশ-ভারত যৌথ বর্ডার হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত বাংলাদেশ-ভারত যৌথ বর্ডার হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। এ হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি। এ সময়  জেলা প্রশাসক সিলেট মজিবর রহমান ও ভারত-বাংলাদেশ বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। 

ভারতের মেঘালয়ের ইস্ট খালি হিলস ও  কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে অবস্থিত এ বর্ডার হাট প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার দুদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে। এখানে ভারতের ২৬টি ও বাংলাদেশের ২৪টি স্টল থাকবে। হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন। 

সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, এরই মধ্যে আবেদনকারী বিক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৪ জন বিক্রেতা বাছাই করা হয়। পরবর্তী সময়ে অন্যান্য আবেদনকারী বিক্রেতাদের লটারির মাধ্যমে সুযোগ দেয়া হবে। আবেদনকারী ক্রেতাদের মধ্যে বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে কার্ড বিতরণ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের ভিজিটর কার্ডের ব্যবস্থা করে দেয়া হবে।

উল্লেখ্য, একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমান বাংলা টাকায় পণ্য ক্রয় করতে পারবেন। প্রবেশ ফি বাবদ কার্ডধারী একজন ক্রেতাকে দৈনিক ৩০ টাকা ও বিক্রেতাকে দৈনিক ৭০ টাকা প্রদান করতে হবে। আদায়কৃত টাকা ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে হাটের সংস্কার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

আরও