ব্রাহ্মণবাড়িয়ায় ৫৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

অভিযানে সীমান্ত রেখা থেকে মাত্র ৫০ গজ ভেতরে পরিত্যক্ত অবস্থায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব চোরাচালানি পণ্যের মোট মূল্য ধরা হয়েছে ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ টাকা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৬১/৪-এস এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতাভূমি নামক স্থানে এ অভিযান চালানো হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে সীমান্ত রেখা থেকে মাত্র ৫০ গজ ভেতরে পরিত্যক্ত অবস্থায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব চোরাচালানি পণ্যের মূল্য ধরা হয়েছে ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ এ অবৈধ মালামাল আটক করা সম্ভব হয়েছে।

জব্দ করা ভারতীয় শাড়িগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। এসব চোরাচালানি মালামাল দ্রুত কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পণ্য পাচার রোধে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন বলে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

আরও