সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান-রাঙ্গামাটি সড়কের ব্রিজঘাটা এলাকার ভেঙে যাওয়া সেতুর মেরামত কাজ শেষ হয়েছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে গতকাল বৃহস্পতিবার বিকালে সেতুটি যান চলাচলের জন্য খুলে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এর মধ্য দিয়ে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার সওজের বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বণিক বার্তাকে বলেন, মেরামত শেষে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করে গতকাল বৃহস্পতিবার বিকালে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে বিদ্যমান বেইলি সেতুর পরিবর্তে সেখানে গার্ডার সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, গত ১২ জুলাই মধ্যরাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় পদুয়া রাবার ড্যামের বেলুন ফুলে ওঠায় পাহাড়ি ঢলের পানি বাধাপ্রাপ্ত হয়ে শিলক খালের গতিপথ পরিবর্তন করে। এতে স্থানীয়ভাবে ‘ব্রিজঘাটা’ স্থানের বেইলি সেতুটি ভেঙে পড়ে এবং বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় তিনটি বসতবাড়ি বিলীন হয়ে যায়। এছাড়া খালের দক্ষিণ তীরের প্রায় ৫০০ মিটার দীর্ঘ ও ২৫ ফুট প্রশস্ত এলাকা ভেঙে খালে বিলীন হয়ে যায়। এতে ১২টি পরিবারের ঘরবাড়ি, মালামাল ও কৃষিজমির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঘটনার পর এখনো তারা কোনো ধরনের ক্ষতিপূরণ পাননি।