খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যারা এ দেশের স্বাধীনতা চায়নি, যারা এ দেশের উন্নয়ন চায়নি, তারাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে ৫৭০ সাবান দিয়ে গোসল করিয়ে আর রিলিফের কাপড় দিয়ে দাফন করলে এ দেশ থেকে বঙ্গবন্ধুর নাম চিরদিনের মতো মুছে যাবে। কিন্তু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরো বেশি শক্তিশালী হয়েছে। আরো বেশি এ দেশের আপামর জনসাধারণের মনে জায়গা করে নিয়েছেন। গতকাল বিকালে নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ অডিটরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আজ বঙ্গবন্ধুর যোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যখন উন্নয়নের চরম শেখরে পৌঁছে দিচ্ছেন, ঠিক তখনই সেই ’৭১-এর পরাজিত শক্তি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই আবার সেই রূপ ধারণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করছে। দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা জানে না শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়ন। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খালেকুজ্জামান তোতা, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।