নাটোরে অর্ধশত বক হত্যার দায়ে তিন শিকারির কারাদণ্ড, দুজনকে জরিমানা

বর্ষা মৌসুমের শেষ দিকে চলনবিলে পাখিশিকারিদের তৎপরতা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় একটি চক্র পাখি শিকারের পর সেগুলো জবাই করে বস্তায় ভরে গোপনে পৌর শহরের পারসিংড়া বেদেপল্লীতে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

নাটোরের সিংড়ায় শিকারের পর ৫০টি বকপাখি জবাই করে হত্যার অপরাধে তিন পাখিশিকারিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ কাজে সহযোগিতা করায় আরো দুজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

বর্ষা মৌসুমের শেষ দিকে চলনবিলে পাখিশিকারিদের তৎপরতা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় একটি চক্র পাখি শিকারের পর সেগুলো জবাই করে বস্তায় ভরে গোপনে পৌর শহরের পারসিংড়া বেদেপল্লীতে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

আজ গোপন সংবাদের ভিত্তিতে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা উপজেলার আয়েশ গ্রামে অভিযান চালান। এ সময় পাখি কেনাবেচার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনকে খবর দেয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে যান।

পাখি শিকারের অপরাধে পাকুরিয়া গ্রামের জনাব আলী, বিলপাকুরিয়া গ্রামের কাহার ও একই গ্রামের লিটনকে দুই মাস করে কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে পাখি শিকারে সহযোগিতা করার অপরাধে পারসিংড়া বেদেপল্লীর ভ্যানচালক আবু হানিফকে ৭ হাজার টাকা এবং বিলপাকুরিয়া গ্রামের হোসেন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জবাই করা বকপাখিগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

এ সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও