বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে কুয়াকাটার সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন। গত দুইদিনে মৃত তিনটি ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসে আটকা পড়েছে। এগুলোর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তবে জেলেদের জালে জড়িয়ে আঘাত পেয়ে মারা যেতে পারে বলে ধারণা করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সাগরের ঢেউয়ের তোড়ে গতকাল সকালে সৈকতে জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় চার ফুট দৈর্ঘ্যের, রোববার শেষ বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে আট ফুট দৈর্ঘ্যের এবং একই দিন বেলা ১১টায় লেম্বুরচর এলাকায় একটি ১০ ফুট দৈর্ঘ্যের ডলফিন ভেসে আসে সৈকতে আটকা পড়ে।
এ ডলফিনগুলোর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। এগুলো স্থানীয়রা দেখতে পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ ও মত্স্য বিভাগকে খবর দেয়।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, মৃত ডলফিন ভেসে আসার খবরে তিনিসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মত্স্য বিভাগ ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ডলফিনগুলো মাটিচাপা দেয়।
উপজেলা মত্স্য কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে পটুয়াখালী জেলা মত্স্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন কর্মকর্তার সমন্বয়ে আলোচনা করে মৃত ডলফিনগুলো মাটিচাপা দেয়া হয়েছে।