নড়াইলে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও এসএম সুলতান মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০টায় শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এসএম সুলতান কমপ্লেক্সে শিল্পীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দুপুরে শিশুস্বর্গ প্রাঙ্গণে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আবদুস ছালাম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বাবু, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাফল, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।