মোড়ক উন্মোচন করা হলো ব্যবসায়িক সাময়িকী ‘ভয়েস অব বিজনেস’-এর ১৩তম সংস্করণের। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ড. হাবিবুল্লাহ্ কনফারেন্স হলে ভয়েস অব বিজনেস ক্লাবের নামাঙ্কিত নিজস্ব ম্যাগাজিনের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন। উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবটির উপদেষ্টা মো. তানভির আলম হিমেল, সভাপতি জামিরুল রেজা ইফতি, সাধারণ সম্পাদক ফাহমিনা আহমেদ, প্রধান সম্পাদক ফয়সাল আরেফিন প্রমুখ। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক বণিক বার্তা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ আব্দুল মঈন বলেন, ‘প্রতি সংস্করণে ভয়েস অব বিজনেসের ম্যাগাজিনের বিষয়গুলোর পরিধি বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে এ ম্যাগাজিন আমাদের দেশের অর্থনীতি ও ব্যবসায়কে ফুটিয়ে তুলছে। এ ম্যাগাজিন আগামীতে আরো সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করছি।’
ম্যাগাজিনের বর্তমান সংস্করণের প্রতিপাদ্য " মেড ইন বাংলাদেশ: বেয়ন্ড ট্যাগস অন ক্লথস। এ বিষয়ে প্রধান সম্পাদক ফয়সাল আরেফিন বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি এবং বৈদেশিক আয়ের উৎস কয়েকটি খাতের ওপর নির্ভরশীল; আমরা চেষ্টা করেছি আমাদের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণের জন্য। এক্ষেত্রে যে খাতগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, সেসব খাতকে আমাদের ম্যাগাজিনে তুলে ধরা হয়েছে।’
ক্লাবের সাধারণ সম্পাদক ফাহমিনা আহমেদ বলেন, ‘নতুন সংস্করণ প্রকাশ করতে পেরে আমি ও আমাদের ক্লাবের সব সদস্য খুবই আনন্দিত; এই ম্যাগাজিন শিক্ষার্থীদের প্রতিভাকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ম্যাগাজিনে আমরা রেডিমেড গার্মেন্টস খুঁটিনাটি তুলে ধরেছি, যেন শিক্ষার্থীরা এ বিষয়ে আরো অবগত হতে পারে।’
এ বছর ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের অধীনে ভর্তি হওয়া ৩৪০ জন নবীন শিক্ষার্থী ক্লাবটির সদস্য পদের জন্য আবেদন করেন। এদের মধ্য থেকে চারটি প্রতিযোগিতামূলক ধাপের মাধ্যমে ৪৯ জনকে সদস্য হিসেবে বাছাই করে নেয়া হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের নবীন সদস্যদের বরণ করে নেয়। এ সময় ক্লাবের অ্যালামনাই সদস্যরা অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের বিশ্ববিদ্যালয় জীবন এবং ক্লাবটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন নতুনদের মাঝে।