সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

নিহতের সংখ্যা অর্ধশত, ছাড়াতে পারে শতাধিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনায় গতকাল রাত পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্রের দাবি, এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। দুর্ঘটনায় নিহতের সংখ্যা শত ছাড়িয়ে যেতে পারে বলে তাদের আশঙ্কা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনায় গতকাল রাত পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্রের দাবি, এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। দুর্ঘটনায় নিহতের সংখ্যা শত ছাড়িয়ে যেতে পারে বলে তাদের আশঙ্কা।

নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের নয় সদস্যও রয়েছেন। এ ঘটনায় কনটেইনার ডিপোর কর্মী, কর্মচারী, কাভার্ড ভ্যানচালক, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস কর্মী হতাহত হয়েছেন। এখন পর্যন্ত ১৬৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার রাতে অগ্নিকাণ্ডের পর প্রথম দফায় ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নেভাতে গেলে কনটেইনারে থাকা রাসায়নিকের বিস্ফোরণে ঘটনাস্থলেই নয় ফায়ার ফাইটারের মৃত্যু হয়। ডিপোর ভেতরে থাকা কনটেইনারগুলোতে রফতানিমুখী গার্মেন্টস পণ্য রয়েছে ভেবে সে অনুযায়ী আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে হঠাৎ বিস্ফোরণ হলে ফায়ার সার্ভিসের কর্মীদের মৃত্যু হয়। সংস্থাটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কনটেইনারের ভেতরে রাসায়নিক দাহ্য পদার্থের উপস্থিতির কথা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে জানায়নি। ফলে প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। সকাল পর্যন্ত বেশ কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে নিতে চট্টগ্রাম ছাড়াও আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ২৩টি টিম একযোগে বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভানোর কাজ করে।

শুরুতে মৃতের সংখ্যা কমই জানা গিয়েছিল। গতকাল সকালে চমেক হাসপাতালে সাতজনের মৃতদেহ আনা হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হয় মরদেহের সারি। নিহত, আহত ও দুর্ঘটনায় নিখোঁজদের খোঁজে হাসপাতালে এসে ভিড় করতে শুরু করেন স্বজনরা। সাধারণত রাসায়নিক থেকে সৃষ্ট আগুনে মৃতদেহের চেহারা বিকৃত হয়ে যায়। ফলে মৃতদেহ শনাক্ত করতে স্বজনদের অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। শেষ পর্যন্ত যাদের শনাক্ত করা যাবে না, তাদের জন্য ডিএনএ পদ্ধতি ব্যবহার করা হবে বলে জানিয়েছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ।

গত রাত ৮টা পর্যন্ত যাদের পরিচয় শনাক্ত করা গিয়েছে তাদের নাম জানান চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার। এরা হলেন চট্টগ্রামের বাঁশখালীর মমিনুল হক (২৭), মহিউদ্দিন (২২), রবিউল আলম (১৯), তোফায়েল আহমেদ (২২), কুমিল্লার ফায়ার ফাইটার মনিরুজ্জামান (৩২), সিলেটের মো. নয়ন, রানা মিয়া (২২), শাকিল (২২), আফজাল হোসেন (২০), নোয়াখালীর চাটখিলের কাভার্ড ভ্যান চালক মো. সুমন (২৮), ফায়ার ফাইটার আলাউদ্দিন, ভোলার হাবিবুর রহমান (২৩), রাঙ্গামাটির ফায়ার ফাইটার নিপুন চাকমা (৪৭) ও যশোরের ইব্রাহীম হোসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি সম্মিলিত সামরিক হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বেসরকারি পার্কভিউ হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ১৬৩ জন। এরই মধ্যে গুরুতর আহত অবস্থায় আটজনকে হেলিকপ্টারযোগে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের দুই সদস্যও রয়েছেন। এছাড়া আজ থেকে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. সামন্তলাল সেন তার দল নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা করবেন।

গতকাল সন্ধ্যায় চমেক হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, এ দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের সব স্তর থেকে উদ্ধারকাজে অংশগ্রহণ এবং জরুরি সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন। প্রশাসনের পাশাপাশি চট্টগ্রামের আপামর মানুষ আগুন নেভাতে, আহতদের চিকিৎসায়, রক্তদান ও আর্থিক সহায়তায় নিয়োজিত রয়েছেন। এ ঘটনায় যেন কোনো গুজব সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতেও আহ্বান জানান তিনি।

আগুন নেভানোয় ব্যবহূত পানি যেন সমুদ্রে গিয়ে না পড়ে সে জন্য আশপাশের খালের মুখের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, শুরুতে কয়েক দফা বিস্ফোরণ ও ফায়ার সার্ভিস সদস্যদের মৃত্যুর কারণে সকাল পর্যন্ত অগ্নিনির্বাপণ কাজে কিছুটা ধীরগতি ছিল। তবে সকাল থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করেছে।

বিস্ফোরণের পরই আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে পরিস্থিতির অবনতি ঘটলে রোগীদের চমেক হাসপাতালে নেয়া হয়। রাতেই চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী নগরীতে দায়িত্বরত ডাক্তারদের দ্রুত চমেকে যাওয়ার নির্দেশ দেন। অন্যদিকে আহত রোগী বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রক্তের চাহিদা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রক্ত দিতে চমেকসহ বিভিন্ন হাসপাতালে ছুটে যান।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম হাসান বণিক বার্তাকে বলেন, আমাদের যে লোকবল আছে সেটা দিয়েই জরুরি বিভাগে রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

চমেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, গুরুতর আহতদের মধ্যে যারা বার্ন ইউনিটে ভর্তি আছেন তাদের বেশির ভাগেরই ৩০-৮০ শতাংশ পুড়ে গেছে। অন্তত ৫০ জন আছেন যাদের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। সাধারণত যাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে তারা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। এর পরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি তাদের সুস্থ করে তুলতে। 

এরই মধ্যে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিহতদের পরিবারপ্রতি ৫০ হাজার টাকা ও আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।

বিএম কনটেইনার ডিপোর মালিক প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী বণিক বার্তাকে বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দেয়া হবে। এছাড়া গুরুতর আহত ও অঙ্গহানি হয়ে আহত হয়েছেন এমন প্রত্যেককে ৬ লাখ টাকা করে দেয়া হবে। অন্য আহতদের প্রত্যেককে ৪ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্মার্ট গ্রুপ। অগ্নি দুর্ঘটনায় নিহত কর্মচারীর সন্তান শিশু হলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার পরিবারকে বেতনের সমপরিমাণ টাকা প্রদান এবং উপার্জনক্ষম সদস্যকে চাকরি দেয়া হবে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কেমিক্যাল বোঝাই কনটেইনারের বিষয়টি শুরুতে জানতে পারলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। আগুন ধরে যাওয়া কনটেইনারে পোশাক শিল্পের মালামাল আছে ধরে নিয়ে তা পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু রাসায়নিকের আগুন পানি দিয়ে নেভানো সম্ভব নয়। সে কারণেই ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ বেড়েছে।

এদিকে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা তদন্তে চারটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম বিভাগীয় কমিশন, চট্টগ্রাম কাস্টমস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে ফায়ার সার্ভিসের কমিটিকে পাঁচদিন, বন্দর কর্তৃপক্ষের কমিটিকে তিনদিন এবং বাকি দুই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও