খুলনার ভৈরব নদে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী মাঝ নদীতে ফেরির সঙ্গে নদী পারাপারের যাত্রীবাহী ট্রলারের ধাক্কা লাগলে তিন যাত্রী নদীতে পড়ে যান। স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও খোঁজ মেলেনি আকাশ (১৭) নামে এক কিশোরের।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব নদের জেলখানা ঘাট থেকে যাত্রীবাহী ট্রলারটি ছেড়ে মাঝ নদীতে গেলে ফেরির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা তিন যাত্রী নদীতে পড়ে যান।
তবে স্থানীয় লোকজন নদীতে ঝাঁপিয়ে পড়ে দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়ার দিলীপ সরকারের ছেলে আকাশ সরকারকে খুঁজে পাওয়া যায়নি।
জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। তবে নদীতে অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধারকারীদের সমস্যায় পড়তে হচ্ছে।