রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে জেলে সাঈদ হলদারের জালে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে বাহিরচর দৌলতদিয়া এলাকায় মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মো. রওশন আলীর মৎস্য আড়তে নিয়ে আসা হয়। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সুমাইয়া মৎস্য আড়ৎ এর মালিক মো. সোহেল মোল্লা মাছটি কিনে নেন। এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৫০০ টাকায় মাছটি কেনেন তিনি। এ সময় মাছটিকে একবার দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, বিশাল আকৃতির এই মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে। বিক্রি না হওয়া পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুনের সঙ্গে মাছটিকে বেঁধে রাখা হবে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, এ বছর পদ্মায় ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। তিন মাস আগেও প্রায় প্রতিদিনই এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ছিল। দীর্ঘদিন পর আবার বড় আকৃতির মাছ পেয়ে জেলেরা খুবই আনন্দিত। এতে একটু হলেও তাদের ভাগ্যের চাকা ঘুরবে।