বাংলাদেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ সামরিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
শুক্রবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ শত্রুতামূলক আচরণ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং এর সুদূরপ্রসারী পরিণতি রয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, যা এরই মধ্যে উত্তপ্ত অঞ্চলে উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছে, এবং জোর দিয়ে বলছে—স্থায়ী শান্তির একমাত্র পথ কূটনীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই গড়ে উঠতে পারে।