গতকাল স্থানীয় জাদিমুড়া বৌদ্ধমন্দির-সংলগ্ন লবণ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মোক্তাদীন ছিদ্দিকী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর লুকিয়ে রাখা অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। কোস্টগার্ডের কাছে তথ্য ছিল, জাদিমুড়া এলাকার নাফ নদীসংলগ্ন সীমান্তপথ ব্যবহার করে একটি সশস্ত্র গোষ্ঠী বিপুল পরিমাণ গোলাবারুদ ও গ্রেনেড মাটির নিচে মজুদ করে রেখেছে। সে তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে জাদিমুড়া এলাকায় মাটির নিচে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ১০টি গ্রেনেড, ২৮ রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়। একই স্থান থেকে দুই কেজি গাঁজাও জব্দ করা হয়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্ধারকৃত গ্রেনেড, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।