দেশের তরুণ জনগোষ্ঠীর চিন্তা-চেতনাকে প্রাধান্য দিয়ে আগামীর রাষ্ট্রগঠনের কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ৭১ থেকে ২৪ পর্যন্ত তরুণদের অগ্রযাত্রার ভূমিকাকে সামনে রেখে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। বিশেষ করে দেশের তরুণ জনগোষ্ঠীর চিন্তা-চেতনাকে প্রাধান্য দিয়ে আগামীর রাষ্ট্রগঠনের পরিকল্পনা বিএনপির রয়েছে।
নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আজ তরুণদের সুনামি হয়েছে, তারা গণতন্ত্র ও নির্বাচনের বার্তা দিচ্ছেন। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই।
সংস্কারের কথা বিএনপির আগে কেউ বলেনি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ৭ বছর আগে ভিশন–২০৩০ জাতির সামনে তুলে ধরেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২ বছর আগে ২৭ দফা দিয়েছিলেন তারেক রহমান।
তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। এর মধ্যে রয়েছে চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ। এরই মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন রাজধানী ঢাকায়।
এদিন দুপুর দুইটার কিছু আগে সমাবেশ শুরু হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে জড়ো হয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলছে না। আশপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।