রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় আরো ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি (২৪)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সাজেক ইউনিয়নের হাউজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
সাজেক থানার ওসি কানন সরকার বলেন, সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে হাউজ পাড়া এলাকায় পিক আপটি পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান ও ১২ জন আহত হন। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
তাৎক্ষণিকভাবে হতাহত সবার নাম পরিচয় জানা যায়নি। মরদেহ ও আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।