ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন আসিফ (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকালে মহাসড়কের কসকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। মৃত আসিফ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাড়াইপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে মহাসড়কের কসকা এলাকায় চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে পিকআপ নিয়ে যাচ্ছিল আসিফ। এ সময় হঠাৎ একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে সাকিব ও আসিফ নামের দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করে।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।