আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তাই সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মাহবুবের রহমান শামীম। সোমবার (১১ অক্টোবর) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স হলরুমে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন মঠ-মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও গুপ্ত সংগঠনের কেউ কেউ ধর্মীয় উৎসবকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এ জন্য বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতাদেরও সতর্ক থাকতে হবে।
এসময় চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের অনেকে ধানের শীষের পক্ষে ভোট দিয়েছেন এবং বিএনপির নেতা-কর্মীদের সহযোগিতা করেছেন। তাদের সঙ্গে গড়ে ওঠা ঐক্য ও সম্প্রীতি দীর্ঘদিন ধরে ধরে রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।
দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপির কমিটির সঙ্গে পূজা উদ্যাপন কমিটির সমন্বয় করতে হবে এবং মন্দির ও পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বৈঠক করে সমস্যা চিহ্নিত ও সমাধানে উদ্যোগ নিতে হবে বলেও জানান তিনি।
২০২৪ সালের দুর্গাপূজায় চট্টগ্রামের একটি ঘটনার প্রসঙ্গ টেনে শামীম বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করবেন, আর বিএনপির নেতা-কর্মীরা বাইরে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
শামীম বলেন, সংখ্যালঘু বলে কেউ আলাদা নয়, আমরা সবাই বাংলাদেশি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে বলে আশা করি। পাশাপাশি রাঙামাটির মন্দিরগুলোর সমস্যার সমাধানে জেলা পরিষদ প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
সভায় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।
এছাড়া আরো কথা বলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, জেলা জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ, স্বপন মহাজন, দয়াল দাশ, সুব্রত দে, সান্টু চৌধুরী, নন্দন দেবনাথ, আশীষ চৌধুরী, অমিত দাশ, রাজু শীল, রাজন রক্ষিত ও সুজন নন্দীসহ বিএনপি ও সনাতনী নেতারা।