সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি হওয়ার এক মাস দুই দিনের মাথায় অবশেষে ২৩ জন নাবিকসহ মুক্তি মিলেছে বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহর।
জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত সোয়া তিনটায় বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মুক্তিপণ পাওয়ার পর সোমালিয়ান দস্যুরা সবাই জাহাজ হতে নেমে পড়ার পর জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।
কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বণিক বার্তাকে বলেন, সমঝোতার পর নাবিকসহ জাহাজটি ছেড়ে দিয়েছে সোমালিয়ান দস্যুরা। নাবিকরা সবাই ভালো আছেন। চারপাশে একাধিক আন্তর্জাতিক যুদ্ধজাহাজ ঘিরে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে জাহাজটি। জিম্মি হওয়ার পর থেকেই আমাদের প্রথম ও প্রধান চাওয়া ছিল কত দ্রুত নিরাপদে আমাদের নাবিকদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। আমাদের পরিকল্পনা ও পদক্ষেপ সেভাবেই পরিচালিত হয়েছে।
জাহাজটি সোমালিয়ার দস্যুরা জিম্মি করেছিল গত ১২ মার্চ। এ হিসেবে নাবিকদের জিম্মিদশার এক মাস ২ দিন ছিল আজ।