ভোলায় বিএনপি-বিজেপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৫০

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-আন্দালিব রহমান পার্থ) সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-আন্দালিব রহমান পার্থ) সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে শহরের নতুন বাজারে বিজেপির কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিজেপি কার্যালয়ে হামলা ও ভাংচুর করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেলা ১১টার দিকে বিজেপি নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা। অন্যদিকে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। উভয় পক্ষের সমাবেশ ও মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে সংঘর্ষের পর জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। সেখানে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম অভিযোগ করে বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পেছন দিক থেকে বিজেপির কর্মীরা অতর্কিত হামলা চালান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ওপর এ হামলা চালানো হয়েছে।’

তবে জেলা বিজেপির প্রচার সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘বিএনপির একটি পক্ষ আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ সভায় বিএনপির লোক এসে ভাংচুর করেছে।’

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ওসি মো. হাসনাইন পারভেজ বলেন, ‘ঘটনার শুরু থেকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও