দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন (৯ থেকে ১২ অক্টোবর) দেশের ভেতর ও পার্শ্ববর্তী ভারতের রাজ্যগুলোতে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীসমূহের পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী তিন দিনে পানি হ্রাস পেতে পারে। এ নদীগুলো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে।
গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি আগামী দুই দিন সামান্য বাড়তে পারে এবং এরপরের তিন দিন স্থিতিশীল থাকতে পারে।
সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী এক দিন হ্রাস পেতে পারে। তবে পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগের গোমতী, ফেনী, মুহুরী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির স্তর আগামী তিন দিন বাড়তে পারে বলে জানিয়েছে বাপাউবো।