আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস আয়োজনের লক্ষ্যে সারা দেশে ৫৭০টি কমিটি গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের তথ্যমতে, জাতীয় ভোটার দিবস পালনে দেশের আট বিভাগে বিভাগীয় কমিশনারদের সভাপতি করে ৮টি কমিটি, ইসির প্রশাসনিক অঞ্চল কুমিল্লা ও ফরিদপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সভাপতি করে ২টি কমিটি, জেলা পর্যায়ে ডিসিদের প্রধান করে ৬৪টি কমিটি এবং উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে সারা দেশে ৪৯৫টি উপজেলায় কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে একটি কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। সব মিলিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য সারাদেশে মোট ৫৭০টি কমিটি গঠন করা হয়েছে।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ভোটার দিবস আয়োজন সংক্রান্ত সভার এক কার্যবিবরণী থেকে জানা যায়, ৮ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী নির্বাচন ভবন, ইটিআই ভবন এবং বাগানসহ ফোয়ারা চত্বরে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। প্রতিটি কাজের জন্য কেন্দ্রীয়ভাবে ১০টি উপকমিটিও গঠন করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘৮ম জাতীয় ভোটার দিবস’ যথাযথভাবে উদযাপনের জন্য কেন্দ্রীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। ইসি সচিবালয়ে সিনিয়র সচিবকে সভাপতি করে ৩৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দিবসের কর্মসূচির কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান করবে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্থার সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ, দিবসের প্রতিপাদ্য নির্ধারণ, মাঠ পর্যায়ের কর্মসূচি বিষয়ে নির্দেশনা প্রদান ও তদারকি করবে। এছাড়া দিবসের ব্যানার, ফেস্টুন, লিফলেট, পোস্টার ইত্যাদির মাধ্যমে প্রচারণার ব্যবস্থা গ্রহণ, উদযাপনের ব্যয় নির্বাহের জন্য সম্ভাব্য ব্যয়-প্রাক্কলন তৈরি করাসহ বিভিন্ন সাব-কমিটি গঠন এবং যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করার কাজ করবে এ কমিটি।