কুড়িগ্রামের
ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামে এক
ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে
ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা
হয়।
আটক মোজাফফর হোসেন
ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি জানায়,
লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভান্ডার বিওপির সীমানা পিলার ৯৫৭ এর কাছে দুইজন
ভারতীয় নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করেন। অনুপ্রবেশকারী দুজন বাংলাদেশের ভেতরে প্রায় ৬০০ গজ প্রবেশ করে
ভোটহাট বাজারে ঘোরাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি
ক্যাম্পের একটি দল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।
আটককৃত মোজাফফর
জানান, তিনি এবং তার সঙ্গী বাংলাদেশে ঔষধ কিনতে এসেছিলেন। বিজিবি সদস্যরা
চ্যালেঞ্জ করলে তার সঙ্গী দৌড়ে ভারতের ভেতরে পালিয়ে যায়। এ সময় মোজাফফরকে আটক করা
হয়। পরে তাকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।