বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব নয়।
সোমবার (৫ জানুয়ারি) সংশোধিত বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ- ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ- ২০২৫ জারি উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে কক্সবাজার বিমানবন্দর উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা আরো বলেন, তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট পাশের দেশে ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রিতে উন্নীত করা হবে।
এ সময় সংশোধিত বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ- ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ- ২০২৫ নিয়ে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, অধ্যাদেশ দু'টি বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে যে প্রতারণা, হয়রানি হয়ে থাকে সেটি বন্ধ হবে। এসব প্রতারণা বন্ধে অধ্যাদেশে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। বিমান টিকিটের ক্ষেত্রে অসাধু এজেন্সির মাধ্যমে যে সিন্ডিকেশন তৈরি হয়েছিল নতুন এই অধ্যাদেশের মাধ্যমে সেটি বন্ধ হবে এবং যাত্রীদের হয়রানি বন্ধ হবে।