খুবিতে ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, কর্মচারী ও তার স্ত্রী আটক

ইমাম হাসান দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করতেন। বুধবার রাতে এক ছাত্রীর ভিডিও ধারণের চেষ্টা করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করেন। অভিযোগ রয়েছে, পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মারমুখী আচরণ করেন এবং ধারণ করা ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এরপর তাকেও আটক করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে হল ক্যান্টিনের এক কর্মচারী ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অভিযুক্ত ইমাম হাসানকে শিক্ষার্থীরা আটক করে মারধর করলে তিনি আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। তার স্ত্রীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের অভিযোগ, ইমাম হাসান দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করতেন। বুধবার রাতে এক ছাত্রীর ভিডিও ধারণের চেষ্টা করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করেন। অভিযোগ রয়েছে, পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মারমুখী আচরণ করেন এবং ধারণ করা ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এরপর তাকেও আটক করা হয়।

ঘটনার পর হল প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার প্রতিবাদে এবং সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলোর বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। এর জের ধরে আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস অনুষ্ঠিত হয়নি।

বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক সেলিনা আহমেদ বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. তারেক বিন সালাম বলেন, অভিযুক্তকে আটক রাখা হয়েছে। মামলার বিষয়টি আলোচনা হচ্ছে। প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ছাত্রী হলের ক্যান্টিনে পুরুষ কর্মী নিয়োগের বিধান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অর্ডিন্যান্স দেখে এ বিষয়ে মন্তব্য করতে হবে। এখনই কিছু বলা সম্ভব নয়।

আরও