বান্দরবানের লামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) চকরিয়া-লামা সড়কের ইয়ংছা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
নিহত যুবক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়বিল পাড়ার মো. কাদের হোসেনের ছেলে মো. সাহাব উদ্দিন (২৩)।
পুলিশ জানায়, বেলা ১১ টার দিকে ইয়ংছা মোড়ে একটি ট্রাক্টর অন্য একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় পাশে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওভারটেক করতে যাওয়া ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। তাদের মধ্যে গুরুতর আহত ট্র্যাক্টরচালক মো. রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ট্র্যাক্টর ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বিকাল পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় মামলা করা হয়নি।
অন্যদিকে, সকালে লাইনঝিরি এলাকায় আমদানি করা পাথর বোঝাই একটি ট্রাক উল্টে হেলপার আহত হয়েছেন।