রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশাচালকের মৃত্যু

রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের বেতবুনিয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান। এ ঘটনায় অটোরিকশাচালক হাসান মিয়ার (২২) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেকজন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান মিয়া বরিশাল জেলার লালমোহন এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। আর আহত যাত্রী গিয়াস উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়ার আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী এসিআই গ্রুপের মালিকানাধীন একটি ওষুধবহনকারী কাভার্ডভ্যান বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি-অটোরিকশাকে এটি চাপা দেয়।

দুর্ঘটনায় অটোরিকশারচালক হাসান মিয়া ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাউজান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত গিয়াস উদ্দিন বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাঙ্গামাটির কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যানের চালক এখনো পলাতক। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও