বিএনপির সমাবেশ

বরিশালে ইশরাকের গাড়িবহরে হামলা, আহত ১৫

এসময় ভাঙচুর করা হয়েছে বহরে থাকা বেশকয়েকটি গাড়ি। এতে গাড়িতে থাকা ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বরিশালের গৌরনদীতে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গিয়েছে। এ সময় গাড়িতে থাকা ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

আজ শনিবার সকালে ইশরাক গাড়িবহর নিয়ে বরিশালের কাছাকাছি গৌরনদীর মাহিলাড়া বাজারে পৌঁছালে হামলা করে দুর্বৃত্তরা।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, আমাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে।

অভিযোগ করে বলেন, জনজোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে বাধার সৃষ্টি করছে, কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে হামলা করে পালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা আমাদের নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের অপচেষ্টা করছে। কিন্তু আমরা দমে যাবার পাত্র নই। সব বাধা মোকাবেলা করে ঠিকই সমাবেশস্থলে যাচ্ছি।

এ সময় দলটির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুলের গাড়িতে হামলা হয়েছে। তাদের গাড়িতে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য জাহিদুল ইসলাম রনি।

অভিযোগে বলা হয়, হামলার সময় রিজুসহ নেতৃবৃন্দ তাদের পেশাগত পরিচয়পত্র দেখানোর পরও দুর্বৃত্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের মারতে উদ্যত হয়। একপর্যায়ে গাড়িবহর ঘুরিয়ে দেয়।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতাকে বহনকারী গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে গাড়িবহরে থাকা বেশকয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

আজ সকাল ৮টার দিকে গৌরনদীর মাহিলাড়া বাজারের কাছে এ সব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ছাড়া ইঞ্জিনিয়ার্স পেনের সম্পাদক শামীম রাব্বি সঞ্চয়কে বহনকারী গাড়িতেও হামলা করে দুর্বৃত্তরা।

হামলায় আহত হয়েছেন সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতা, রওনক জাহান শাহীন ও কোহিনুর ফারজানা আরজু। পরে তারা গাড়ি ঘুরিয়ে ঢাকার দিকে ফিরে যান।

এ সব বিষয়ে জানতে চাইলে গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, তার কাছে কোনো তথ্য নেই।

আরও