আগামী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো কোনো লাভ নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন, বাংলাদেশের সমাবেশ থেকে বিভিন্ন ইসলামী দলের নেতাদের ‘আগে স্থানীয় সরকার নির্বাচনে’র দাবি ওঠার বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এরকম কোনো লক্ষণ আমি দেখছি না। শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার তো দরকার নেই। আমি দেখছি নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে। সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি আছে। যে বিষয়টা হয় নাই এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে, আননেসেসারি আগামী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো কোনো লাভ নাই।
তিনি বলেন, আর দ্বিমত তো থাকবেই। যেকোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে। আপনি যখনই যেটা বলবেন, রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে। এটাতে কোনো অসুবিধা নাই। দ্বিমত পোষণ করার অধিকার সবার আছে।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, শুধু এখানে না সারা দেশে ধর্ষণের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে… অনেক কিছু রিপোর্ট হচ্ছে না। এটার বিরুদ্ধে সরকারকে আরো সক্ষম হতে হবে, তাদের নজরদারি আরো বাড়াতে হবে। এসব ধর্ষণের ঘটনার রাজনীতিকরণ হচ্ছে। যারা এসব ঘটনা ঘটিয়ে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজছে… দুর্ভাগ্যবশত তাদের সেক্ষেত্রে সফল হওয়ার সুযোগ নাই। কারণ এসবের মাধ্যমে, এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কুমিল্লায় কারা ওই ঘটনা ঘটিয়েছে এটা সবাই জানে। আমি যতটুকু জেনেছি এটা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এরকম কেউ করেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে এসেছে, বিভিন্ন পত্রিকায়ও খবরটি এসেছে।
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমীর খসরু বলেন, এটি দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। তবে সম্পর্ক থাকার জন্য তো কতগুলো প্রিকন্ডিশন থাকে তাই না? সম্পর্ক যদি রাখতে হয় বাংলাদেশ-ভারতের সম্পর্কটা হতে হবে পারস্পরিক সম্মানবোধের আলোকে, এ সম্পর্কটা হতে হবে পরস্পরের প্রতি স্বার্থরক্ষার স্বার্থে। সম্পর্কটা হতে হবে যেখানে কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না, এ বিষয়গুলো তো সামনে থাকতে হবে। এই বিষয়গুলো যখন নিশ্চিত করা যাবে … আমি মনে করি আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া আরো সহজ হবে।
সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।