নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনযোগে গতকাল সকালে আখাউড়া স্টেশনে পৌঁছান মন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড ও স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এগুলোয় সরকারের কোনো হাত নেই।’
বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে আনিসুল হক বলেন, ‘দেশে গণতন্ত্র আছে। নির্বাচন ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবাই দেখেছে। মানুষ এখন সরকারের উন্নয়নকাজে মনোযোগী। বিএনপি আন্দোলনের কথা বলে, তারা আন্দোলনের চেষ্টা করুক।’
এদিন দুপুরে কসবা উপজেলার কুটি বাজার-কসবা পুরনো বাজার ডিসি সড়কের বিজনা নদীতে একটি সেতুর উদ্বোধন করেন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, তারা (বিএনপি) কত ভাংচুর করেছে। রেলের বগিতে মানুষ পুড়িয়ে মেরেছে। ২০১৩ সালে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এ ভাংচুর, মানুষ মারা, আগুন দেয়া—এটা বিএনপির অভ্যাস।’
আনিসুল হক বলেন, ‘বিএনপি মানুষকে ভালোবাসে না, তারা চায় সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটুক। তারা চায় ক্ষমতা, চায় পকেটের উন্নয়ন, চায় দুর্নীতি করে টাকা কামাবে, বিদেশে টাকা পাচার করবে এবং বাংলা ভাই তৈরি করবে।’ তিনি বলেন, ‘আমরা জীবিত থাকতে, মুক্তিযুদ্ধের চেতনা জীবিত থাকতে সাম্প্রদায়িক-জঙ্গিবাদী অপশক্তিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।’