অ্যাম্বুলেন্সে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী-সন্তানসহ স্বজনরা। পথেই যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে স্বামী আয়নাল হক (৪৫) নিহত হন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলেসহ আরো তিনজন। আজ সোমবার বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আয়নাল হক গাইবান্ধা জেলার সদর উপজেলার ফরিদ উদ্দিনের ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন জানান, বিকাল ৪টার দিকে বগুড়া থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের উপজেলার ঘোগা নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরো তিনজন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদেরকে বগুড়ায় শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি। তবে বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।