খুনিরা বাইরে ঘুরে বেড়ালে কেবল গানম্যান বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, খুনিদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হলে কারো আলাদা নিরাপত্তারক্ষীর প্রয়োজন হবে না।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর জুলাই চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, গত দেড় বছরে দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও মারামারির ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি। খুনিদের শাস্তি নিশ্চিত করা হলে যারা নতুন করে খুনের পরিকল্পনা করছে তারা ভয় পাবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া বর্তমানে নানাভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি সরকারকে নির্বাচনের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের পর তাদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব ছিল। কিন্তু আইনি দুর্বলতার সুযোগ নিয়ে তারা বাইরে চলে গেছে। বিচার প্রক্রিয়া কার্যকর থাকলে আর কাওকে এভাবে ককটেল বিস্ফোরণে জীবন দিতে হতো না বলে তিনি দাবি করেন।
হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, খুনিরা দেশের ভেতরে আছে নাকি ভারতে পালিয়ে গেছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট কিছু জানাতে পারছে না। তার মতে, এ খুনের পেছনে একটি বড় চক্র জড়িত। কারণ একজন চিহ্নিত খুনি একাই এমন অপরাধ করে পালিয়ে থাকতে পারে না। তিনি দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের পেছনের মূল চক্রকে খুঁজে বের করে শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন ও নেতা তৌফিক ইসলামসহ স্থানীয় অন্য নেতারা উপস্থিত ছিলেন।