বঙ্গবন্ধু টানেলে বিদেশী ঋণ ব্যবহার

ছয় মাস মেয়াদ বাড়াতে চায় সেতু বিভাগ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেল প্রকল্পের কাজ ৭৬ ভাগ শেষ হয়েছে। আগামী বছরের শেষে প্রকল্পটি সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে প্রকল্প কর্তৃপক্ষ। তবে ভৌত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন  টানেল প্রকল্পের কাজ ৭৬ ভাগ শেষ হয়েছে। আগামী বছরের শেষে প্রকল্পটি সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে প্রকল্প কর্তৃপক্ষ। তবে ভৌত কাজ শেষ হলেও আর্থিক লেনদেন শেষ হতে আরো সময় লাগবে। এজন্য চায়না এক্সিম ব্যাংকের দেয়া ঋণ ব্যবহারের মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর প্রস্তাব করেছে সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

২০১৫ সালের ৩০ জুন চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বহুমুখী টানেল নির্মাণ প্রকল্পের জন্য চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ৭০ কোটি ৫৮ লাখ ডলারের (১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা) একটি চুক্তি সই হয়। এ চুক্তির পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও চীনা এক্সিম ব্যাংক ২০১৬ সালের ১৪ অক্টোবর ঋণ চুক্তি সই করে। কিছু শর্তপূরণের পর ২০১৭ সালের ১ নভেম্বর থেকে ঋণ চুক্তি কার্যকর হয়। এ প্রকল্পে চায়নার এক্সিম ব্যাংক ২ শতাংশ সুদে ৫ হাজার ৯১৩ কোটি ৪২ লাখ টাকা ও বাংলাদেশ সরকার ৪ হাজার ৪৬১ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কর্ণফুলী টানেলের নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। চায়নার এক্সিম ব্যাংকের সঙ্গে অর্থছাড়ের মেয়াদ রয়েছে প্রকল্পের শেষ সময়সীমা পর্যন্ত, ২০২২ সালের ৬ নভেম্বর। কিন্তু প্রকল্পটিতে ঋণ চুক্তি কার্যকর ও কাজ শুরুর আদেশের তারিখের মাঝে এক মাসের ব্যবধান রয়েছে। প্রকল্পটিতে ঠিকাদারদের বকেয়া বিলের ২ শতাংশ দেয়া হবে প্রকল্প শেষ হওয়ার পর। এছাড়া প্রকল্পটিতে শেষ দিকের কিছু কাজের বিল দাখিলের প্রয়োজন হবে। এসব ঠিকাদারি বিল যাচাই-বাছাই শেষ করতে আরো নতুন করে এক-দুই মাস সময় বেশি লাগবে। যার কারণে প্রকল্প কাজ সম্পন্নের সঙ্গে সঙ্গে চায়নার এক্সিম ব্যাংকের ঋণ চুক্তির সব শর্ত পূরণ করা সম্ভব হবে না। এজন্যই ঋণ প্রদানের সময়সীমা আরো ছয় মাস বাড়িয়ে ২০২৩ সালের মে মাস পর্যন্ত করার অনুরোধ জানিয়েছে সেতু বিভাগ।

প্রকল্পে বিদেশী ঋণের অর্থ ব্যবহারের সময়সীমা বাড়ানোর বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ১৫ ডিসেম্বর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব বরাবর একটি চিঠি দেয় সেতু বিভাগ। উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল হাসানের দেয়া ওই চিঠিতে ৬ মে ২০২৩ সাল পর্যন্ত চুক্তির অর্থ ছাড়করণের সময়সীমা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রস্তাব দেয়া হয়। ইআরডি থেকে এ বিষয়ে চায়নার এক্সিম ব্যাংকের কাছে প্রস্তাব পাঠানো হবে। ব্যাংকটির কর্তৃপক্ষ ইআরডির প্রস্তাব মেনে নিলে তবেই অর্থ ছাড়করণের মেয়াদ বাড়বে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঋণ চুক্তির ১.৩ ধারা অনুযায়ী, চায়নার এক্সিম ব্যাংক চুক্তি সম্পন্নের পর ৬০ মাস (পাঁচ বছর) পর্যন্ত প্রতি মাসে নির্দিষ্ট হারে ঋণের টাকা কিস্তিতে পরিশোধ করবে। কিন্তু প্রকল্পটিতে ঋণ চুক্তি কার্যকর ও কাজ শুরুর আদেশের তারিখের মাঝে এক মাস অতিরিক্ত সময় ব্যয় হয়েছে। যার কারণে প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থাকে অনুমোদন সাপেক্ষে বিল প্রদানে কিছুটা সময়ক্ষেপণ হবে। এ কারণে প্রকল্পের কাজ শেষেও বিদেশী সাহায্য খাতে অর্থ ব্যবহারের সময়সীমা বাড়িয়ে নিতে চাইছে সেতু বিভাগ।

কর্ণফুলী টানেলে প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ চৌধুরী এ বিষয়ে বণিক বার্তাকে বলেন, আমরা এখন পর্যন্ত প্রকল্পটি নির্ধারিত মেয়াদের মধ্যে শেষ করতে আপ্রাণ চেষ্টা করছি। প্রকল্পের মাসভিত্তিক অগ্রগতিও আশাব্যঞ্জক। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলেও দাতা সংস্থার ঋণ ছাড়করণের মেয়াদ বাড়ানোর প্রয়োজন রয়েছে। কেননা কাজ শেষের পরও ঠিকাদারি বিল ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য কিছু সময় প্রয়োজন। এ কারণে শুধু বঙ্গবন্ধু টানেলের অর্থনৈতিক সময়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আরও