মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার ভোরে সীমান্ত শূন্য-রেখার ১১৬ আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়।
জানা গেছে, ভোরে শূন্য-রেখার ১১৬ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে ৪ জনকে দেখতে পাই স্থানীয়রা। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। পরে ওই এলাকায় কঠোর অবস্থান নেয় বিজিবি। তাদের সঙ্গে সীমান্ত শূন্য-রেখার কাছাকাছি অবস্থান নেয় গ্রামবাসীও। ফলে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে সরে যান।
সীমান্তবর্তী বুড়িপোতা গ্রামের হাসান আলী জানান, সকালে খালপাড়ায় একজন পুরুষ ও তিনজন নারী ভারতের সীমান্ত হয়ে বাংলাদেশের প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। তাদের মূলত ঠেলে দিয়েছিল বিএসএফ। তাৎক্ষণিকভাবে বিজিবিসহ গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে তারা ফিরে যায়।
বিজিবি জানায়, সীমান্তের ওই এলাকার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত।
বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, শুক্রবার ভোরে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং ফিরে গেছে।