নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ দিবাগত রাত ১২টা থেকে এ ইউনিয়ন লকডাউন করা হবে। গতকাল দুপুরে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা শেষে জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন এসব তথ্য জানান।
এ সময় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ আহমেদ, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, ইউএনও মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইদ আল মামুন, সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, সদরের ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে গত মঙ্গলবার জেলা প্রশাসনের মিটিং হয়। ওই মিটিংয়ে মানচিত্র দিয়ে দেখিয়ে দেয়া হয় রূপগঞ্জের সদর ইউনিয়নে করোনার সংক্রমণ বাড়ছে। তাই এ ইউনিয়নকে লকডাউন করা হচ্ছে। শুক্রবার রাত ১২ থেকে আগামী ১৪ বা ২১ দিনের জন্য এ এলাকা লকডাউনে থাকবে। এ সময় এলাকার সব মানুষকে পর্যবেক্ষণ করা হবে। কেউ আদেশ অমান্য করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। ইউনিয়নের প্রতিটি সদস্যকে মাইকিং করে বিষয়টি জানিয়ে দিতে বলা হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ আহমেদ জানান, লকডাউন চলাকালে কারো করোনার উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ বা জেলা সিভিল সার্জনকে বিষয়টি ফোনে জানালে বাড়িতে এসে নমুনা নেয়া হবে।