নরসিংদীর মনোহরদীতে তেলবাহী ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল শুক্রবার রাতে র্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন হবিগঞ্জের মাধবপুর থানার শ্রীধরপুর এলাকার মো. আমির আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরা এলাকার ট্রাকচালক মো. আলাল খন্দকার (৩৫) এবং একই এলাকার হেলপার মো. মনির হোসেন (৩০)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিসহ আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, সিলেট ও হবিগঞ্জ থেকে একটি বড় মাদকের চালান তেলবাহী ট্রাকে নরসিংদী হয়ে ঢাকা ও আশেপাশের জেলাগুলোয় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন তথ্য পায় র্যাব। এর ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিক দল মইষাকান্দি এলাকার আবুল কালামের মুদি দোকানের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহজনক তেলবাহী ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে এতে লুকানো ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মো. আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।