এ উদ্যোগ বাস্তবায়ন হলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।
গতকাল বরিশালের নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের সম্মেলন কক্ষে আয়োজিত এক মাল্টি-সেক্টোরাল অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড নিশ্চিতকরণ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, এইচপিভি টিকাদান এবং ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা ‘ওপেন এসআরপি’ কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হবে ডিজিটাল স্বাস্থ্য কার্ড। এর মাধ্যমে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য নিরাপদে সংরক্ষণ করা যাবে। পাশাপাশি প্রয়োজনের সময় দেশের যেকোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা দেয়াও সহজ হবে।’
প্রাইমারি হেলথ কেয়ার ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে শুধু চিকিৎসাকেন্দ্রিক না রেখে ধীরে ধীরে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। কারণ রোগ হওয়ার পর চিকিৎসা দেয়ার চেয়ে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অধিক কার্যকর ও সাশ্রয়ী। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাইমারি হেলথ কেয়ার ব্যবস্থাকে আরো শক্তিশালী করার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।’
জিয়াউদ্দিন হায়দার আরো বলেন, ‘স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীরা যদি দায়িত্বশীল, প্রতিশ্রুতিবদ্ধ ও প্রো-অ্যাকটিভ ভূমিকা পালন করেন, তাহলে একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি মাঠ পর্যায়ে কার্যকর তদারকি এবং জনগণের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।’
অ্যাডভোকেসি সভায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দারের সভাপতিত্বে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও বাংলাদেশ ইউনিসেফের হেলথ ম্যানেজার ড. রিয়াদ মাহমুদ বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় বরিশাল বিভাগের সব সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।