বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনে উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠনে দুজন যুগ্ম জেলা ও দায়রা জজকে মনোনয়ন দিয়েছে আইন ও বিচার বিভাগ। সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বগুড়া-৬ আসনের জন্য বগুড়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবিব এবং শেরপুর-৩ আসনের জন্য শেরপুর জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোরশেদুল আলমকে মনোনয়ন দেয়া হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট চিঠি কমিশনে পৌঁছেছে। এখন দুই আসনের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠনের বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।
জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরইমধ্যে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়েছে এবং বর্তমানে আপিল নেয়া হচ্ছে।
অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনেও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন। এখন প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন।
তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ। প্রচারণা চলবে ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল সকাল সাড়ে সাতটা পর্যন্ত এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।