বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি উদ্বৃত্ত খাদ্য বিদেশে রফতানির উপযোগী করে তুলতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী টুকু বলেন, টাঙ্গাইল সদর উপজেলার একটি বড় অংশ চরাঞ্চল হওয়ায় এ এলাকার উন্নয়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। চরের অনেক পতিত জমি রয়েছে। এসব জমি চাষের আওতায় আনা সম্ভব হলে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন। এর ফলে টাঙ্গাইলসহ আশেপাশের জেলাগুলোতেও খাদ্য সরবরাহ অনেক বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, এ প্রথম চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। এরই মধ্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কৃষকরা যাতে সঠিকভাবে সার পান, সে জন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। সার পেতে কোনো কৃষকের অসুবিধা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় প্রান্তিক কৃষকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সরকার ভবিষ্যতেও কার্যকর পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ ও কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী।